যশোরে আব্দুস সাত্তার দফাদার (৫৫) নামে এক দিনমজুরকে তার নিজ ঘরে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোররাতে সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামে এঘটনা ঘটে। নিহত সাত্তার ওই গ্রামের আব্দুল সৈয়দ আলী দফাদারের ছেলে।
পুলিশ জানায়, আব্দুস সাত্তার দিনমজুরি ও ইটের ভাটায় কাজ করতেন। বৃহস্পতিবার রাতে তিনি নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। একই ঘরের আরেকটি খাটে ঘুমিয়ে ছিলেন স্ত্রী ও তার মেয়ে। এসময় ঘরের দরজা এবং বাইরের কোলাপসিবল গেট খোলা ছিল। ভোরের দিকে দুর্বৃত্তরা সাত্তারের গলার ডান অংশ ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয়। এ সময় সাত্তারের গোঙানিতে তার স্ত্রী ঘুম থেকে জেগে উঠলেও কাউকে দেখতে পাননি। তখনই তাকে গুরুতর অবস্থায় জেনারেল হাসপাতালে আনেন পরিবার-সদস্যরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত্তারের মৃত্যু হয়।
কোতয়ালী থানার ওসি এসএম আজমল হুদা জানান, কারা কী কারণে সাত্তারকে খুন করেছে তা জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
ইত্তেফাক/এমআই
