সন্ত্রাসবিরোধী আইনে পরিবর্তনের ঘোষণা কাতারের আমিরের

আপডেট : ২২ জুলাই ২০১৭, ০৯:১১
 
কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই সংক্রান্ত আইনে পরিবর্তন  এনে একটি ডিক্রি জারি করেছেন। কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা একথা জানিয়েছে। তবে এই আইনে কারো বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হলে সে আদালতে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য আইনি লড়াই চালানোর সুযোগ পাবে।
 
কাতার বৃহস্পতিবার তাদের দেশের সন্ত্রাস দমন আইনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। দোহা ও তাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে চরম সংকটের ক্ষেত্রে বিতর্কিত বিষয়গুলোর এটি ছিল অন্যতম। কাতারের বিরুদ্ধে চার আরব দেশের অভিযোগ হচ্ছে তারা বিভিন্ন জঙ্গি সংগঠনকে সহযোগিতা করছে।
 
শেখ তামিম বিন হামাদ আল থানির ফরমানে সন্ত্রাসী ও সন্ত্রাসী সংগঠনের তালিকা প্রণয়ন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়। এতে সন্ত্রাসী, সন্ত্রাস-সংশ্লিষ্ট অপরাধ, সন্ত্রাসী সংস্থা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে আর্থিক সহযোগিতার বিষয় সুস্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। সন্ত্রাসবাদমূলক কর্মকাণ্ডে অর্থ যোগান বন্ধে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের পর এ ঘোষণা দেওয়া হলো।
 
উল্লেখ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর গত ৫ জুন থেকে কাতারকে বয়কট করে আসছে। তারা স্থল সীমান্ত বন্ধসহ দোহার বিরুদ্ধে অবরোধ আরোপ করে তাদের আকাশসীমায় কাতারের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে এবং কাতার থেকে তাদের নাগরিকদের দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়। এ অঞ্চলের সবচেয়ে গুরুতর এ রাজনৈতিক সংকট নিরসনে এ চার আরব দেশ কাতারের কাছে ১৩ দফা দাবির একটি তালিক পেশ করে। তবে কাতার তাদের বিরুদ্ধে আনিত সন্ত্রাসবাদের অভিযোগ প্রত্যাখ্যান করে এসব দাবিকে অযৌক্তিক বলে অভিহিত করে।আল জাজিরা, এএফপি
 
ইত্তেফাক/এমআর