নওগাঁর পোরশা উপজেলার মশিদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গরুর ক্ষুরা রোগের গত ১০ দিনে ৮টি গরু মারা গেছে বলে জানা গেছে। এ ছাড়াও ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামে ক্ষুরা রোগ দেখা দিয়েছে। ফলে গরুর মালিকেরা বিপাকে পড়েছে।
জানা গেছে, উপজেলার শিশা শাহুপাড়া গ্রামের ইকবাল শাহর ৮০হাজার টাকা দামের একটি গাভী, ভবানীপুর গ্রামের পুলক শাহার প্রায় দেড় লাখ টাকার ৩টি, শেখর শাহার ৬০হাজার টাকার একটি, কোলাপাড়া গ্রামের আব্দুর রহমান, ইউনুছ আলী ও নাজমা বেগমের প্রায় ৫০হাজার টাকা মূল্যের একটি করে গরু মারা গেছে।
গরু মালিকরা জানান, প্রথম অবস্থায় ক্ষুরা রোগ গরুর মুখে আক্রমণ করে। এরপর ১/২ দিনের মধ্যে গরু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এঅবস্থায় স্থানীয়ভাবে বিভিন্ন প্রকার অ্যান্টিবায়োটিক ওষুধ ও কবিরাজী ওষুধ ব্যবহার করেও রোগ ভালো হচ্ছে না। এ পর্যন্ত পশু সম্পদ অফিস থেকে কেউ আসেনি বলে তারা অভিযোগ করেন।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, ইতিপূর্বে উপজেলা প্রাণি সম্পদ অফিস থেকে এ রোগের কোনো টিকা দেওয়া হয়নি। আগে থেকেই টিকা দেওয়া থাকলে তাদের গরুগুলো হয়তো মারা যেত না বলে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
পোরশা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সেলিম হোসেন শেখ জানান, খুরা রোগ ও গরু মারা যাওয়ার বিষয়টি জানা নেই। দ্রুত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/কেকে
