রাজধানীর শাহবাগে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের গুলিতে এক শিক্ষার্থীর দৃষ্টি হারানোর বিষয়ে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
শনিবার সকালে ডিএমপি সদর দফতরে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের একথা জানান।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ঢাবির অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার সকালে শাহবাগে বিক্ষোভ করে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। সংঘর্ষে তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান দুই চোখে আঘাত পান এবং দৃষ্টি হারান। এ ঘটনায় শাহবাগ থানায় ১২০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।
ডিএমপি কমিশনার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমি শুনেছি ঘটনায় এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাদের বক্তব্য পরস্পরবিরোধী। পুলিশ বলছে, তাদের নিজেদের ঢিলা-ঢিলিতেই ওই শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীরা দাবি করছে, পুলিশের সঙ্গে সংঘর্ষে এমনটি ঘটেছে। আমরা সে শিক্ষার্থীর খোঁজখবর রাখছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। দোষী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চোখের বর্তমান পরিস্থিতি নিয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তার দৃষ্টি ফিরে পাওয়ার সম্ভাবনা কম। শনিবার সকালে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তার দুই চোখে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা এ কথা জানান।
ইত্তেফাক/ইউবি
