রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৪ নভেম্বর) দুপুর বারোটায় লংগদুর মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া বিএফআইডিসি টিলায় এই ঘটনা ঘটে।
দুই শিশু বিএফআইডিসি টিলার মোঃ আব্দুল জব্বারের ছেলে সাঈম (৩) ও সাইদুল ইসলামের ছেলে মিনহাজ (৩)।
স্থানীয়রা জানায়, আজ শনিবার দুপুরে শিশু দুটি হ্রদের পাড়ে খেলার সময় হঠাৎ পানিতে পড়ে যায়। তাদের খোঁজ করে না পেয়ে স্থানীয় লোকজন হ্রদের পানিতে নামে। সেখানে খোঁজার কিছু সময় পর শিশু দুটির মৃতদেহ পাওয়া যায়। তাদের লংগদু হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কাছে দুই শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
