ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
ফুলবাড়িতে গতকাল শুক্রবার সকাল ১১টায় স্থানীয় জিএম পাইলট উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, কয়লা তুলতে গিয়ে যদি কৃষি সম্পদ, পানি সম্পদ ধ্বংস হওয়াসহ এলাকার মানুষ উদ্বাস্তু হয়ে যায়, তাহালে সেই কয়লা তুলে উন্নয়ন করা হবে কার স্বার্থে? এতে লাভ কার হবে?
ফুলবাড়ি উপজেলা শাখা তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে এবং সদস্য সচিব জয় প্রকাশ গুপ্তর সঞ্চালনায় আয়োজিত সংগঠনের উত্তরাঞ্চলীয় প্রতিনিধি সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক কমরেড টিপু বিশ্বাস, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু প্রমুখ।
