মনপুরায় ট্রলার ডুবি, ৪ জেলে নিখোঁজ

আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৪:৩১
 
ভোলার মনপুরার সর্ব দক্ষিণে অবস্থিত চরনিজামের তিনচর সংলগ্ন বঙ্গোপসাগর মোহনায় রবিবার ভোরে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে ওই ট্রলারে থাকা ১৫ জেলের মধ্যে ১১ জেলেকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন চারজন। আজ সোমবার বেলা ১টা পর্যন্ত নিখোঁজ জেলেদের উদ্ধার সম্ভব হয়নি বলে জানান স্থানীয়রা।
 
নিখোঁজ জেলেরা হলেন- কামাল মাঝি (৫৮), বাচ্চু (৪৫), আকাশ (৩৫), সাইফুল (২৮)। এদের সবার বাড়ি চরফ্যাসন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের সামরাজ এলাকায়।
 
চরনিজাম পুলিশ ফাঁড়ির এসআই হারুনুর রশীদ সাংবাদিকদের জানান, চরনিজামের আবু মাঝির গদির কামাল মাঝির ট্রলার তিন চর সংলগ্ন সাগরে মাছ ধরা অবস্থায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে কামাল মাঝিসহ অপর চার জেলে এখনও নিখোঁজ রয়েছেন। 
 
পুলিশ জানায়, রাতেই নিখোঁজ জেলেদের উদ্ধারে চর নিজাম থেকে ৮টি ট্রলার সাগরে গেছে। ডুবে যাওয়া ট্রলারটি চরফ্যাসনের ঢাল চর সংলগ্ন সাগর থেকে উদ্ধার করা হয়েছে। 
 
মনপুরা থানার ওসি শাহীন খান সাংবাদিকদের জানান, ঝড়ের কবলে পড়ে নিখোঁজ জেলেদের উদ্ধারে পুলিশসহ স্থানীয়রা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
 
ইত্তেফাক/কেকে