চৌগাছায় পাকা না করায় সড়কে ধানের চারা রোপন

আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৯:৪৯
যশোরের চৌগাছার একটি সড়কে ধানের চারা রোপন করে সড়ক পাকা না করার প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। 
 
‘বর্ণি বৃত্তিপাড়া থেকে দুর্গাপুর ভায়া গুপিনাথপুর’ রাস্তাটি দীর্ঘদিনেও পাকা না হওয়ায় সোমবার সকালে এলাকাবাসী ও শিক্ষার্থীরা সড়কে ধানের চারা লাগিয়ে এ প্রতিবাদ জানান। 
 
এলাকাবাসী জানান, বর্ষাকাল এলেই কাঁচা এই রাস্তায় হাঁটু কাদা হয়ে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। এ রাস্তা দিয়ে উপজেলার বর্ণি, রাজাপুর, বৃত্তিপাড়া, দুর্গাপুর ও পোড়াদহসহ পাঁচ গ্রামের লোকজন চলাচল করেন। পাঁচ গ্রামের শিক্ষার্থীরা প্রায় দু’কিলোমিটার হেঁটে নগরবর্ণি বাজারে অবস্থিত নগরবর্ণি হাইস্কুল, নগরবর্ণি প্রাইমারি স্কুল, বর্ণি দাখিল মাদ্রাসা এবং পুড়াপাড়ার কাটগড়া হাইস্কুল ও কলেজে যাতায়াত করে। 
 
এ ছাড়া ইউনিয়ন পরিষদ ও উপজেলার সঙ্গে যোগাযোগ স্থাপনেও গ্রামের মানুষের ভরসা এই সড়কটি। অথচ সড়কটি উন্নয়নে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তাই ক্ষুব্ধ হয়ে গুপিনাথপুর গ্রামের রাস্তায় ধানের চারা রোপন করা হয়েছে।
 
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আজিজুর রহমান জানিয়েছেন, ক্ষুব্ধ হয়ে স্কুল শিক্ষার্থী ও গ্রামবাসী রাস্তায় ধানের চারা লাগিয়ে দিয়েছে।
 
সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোতা মিয়া জানান, সড়কটির দুই অংশ পাকা হলেও মাঝখানের অংশ ৭৮২ মিটার কাঁচা। সেখানে বর্ষাকালে একেবারেই চলাচলের অনুপযোগী। এটা এলজিইডির সড়ক। এখানে ইউনিয়ন পরিষদের করার কিছু নেই।
 
উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ জানান, সড়কটি ডিপিপিভুক্ত হলে আমরা উন্নয়ন করব। আর যদি না হয়ে থাকে তাহলে এমপি সাহেবের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/ইউবি