সৌদি আরব ও তার মিত্র দেশগুলো মঙ্গলবার জানিয়েছে, তারা ইয়েমেন, কাতার ও লিবিয়ার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গকে কালো তালিকাভুক্ত করেছে। ইসলামি সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন অভিযোগ তুলে তাদেরকে ‘সন্ত্রাসী’ আখ্যায়িত করে এ তালিকাভুক্ত করা হয়।
IMG0
রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ’র খবরে বলা হয়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশরের এক যৌথ বিবৃতিতে কাতার কর্তৃপক্ষের সঙ্গে ‘প্রত্যক্ষ’ বা ‘পরোক্ষভাবে’ সম্পর্ক থাকা নয়টি দাতব্য প্রতিষ্ঠান ও নয়জনের নাম প্রকাশ করেছে। তারা বিবৃতিতে এসব প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গকে ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করে।
IMG1
গত মাসে এ চার আরব দেশ জঙ্গিবাদকে সহযোগিতা দেয়ার অভিযোগ তুলে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। তবে দোহা তাদের বিরুদ্ধে উত্থাপিত এমন অভিযোগ দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করে আসছে। এ চারটি দেশ দোহা থেকে তাদের রাষ্ট্রদূতদের দেশে ডেকে পাঠায় এবং এসব দেশে থাকা কাতারের সকল নাগরিককে তাদের দেশে চলে যাওয়ার নির্দেশ দেয়। তাদের আকাশসীমা ব্যবহারেও কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।
IMG2
মঙ্গলবারের বিবৃতিতে ইয়েমেনের তিনটি সংগঠন ও লিবিয়াভিত্তিক ছয়টি প্রতিষ্ঠানকে আল-কায়েদা ও সিরিয়া সংশ্লিষ্ট একটি গ্রুপের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে অভিযুক্ত করা হয়। বিবৃতিতে কাতারের তিন, ইয়েমেনের তিন, লিবিয়ার দুই ও কুয়েতের এক নাগরিককে সন্ত্রাসবাদকে সহযোগিতা করায় অভিযুক্ত করা হয়েছে। এএফপি।
ইত্তেফাক/সেতু
