সাপাহারে বিএসএফ'র হাতে বাংলাদেশি গরু ব্যবসায়ী আটক

আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৮:৩১
 
নওগাঁর সাপাহার সীমান্তের ভারতের অভ্যন্তরে মাহাবুর রহমান (৩১) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ।বুধবার ভোরে ভারত থেকে অবৈধভাবে গরু নিয়ে আসার সময় উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত এলাকায় আটকের ঘটনা ঘটে।
 
আটককৃত ব্যবসায়ী সাপাহার উপজেলার কলমুডাঙ্গা হাটখলা পাড়ার মৃত ছাদেক আলীর ছেলে। জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে মাহবুরসহ বেশ কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ী অবৈধভাবে ভারতে গরু আনতে যান। গরু নিয়ে তারা বুধবার ভোর সাড়ে ৪টার দিকে কলমুডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের আদাডাঙ্গা ৬০ বিএসএফ ক্যাম্পের টহলরত জোয়ানরা বাংলাদেশি গরু ব্যবসায়ীদের ধাওয়া করে মাহাবুরকে ভারতের অভ্যন্তরে আটক করে। তবে অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হন।
 
বিজিবি-১৪ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ইঞ্জিনিয়ার খিজির খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি দুপুরে জানাজানি হলে, বিএসএফের হাতে আটক গরু ব্যবসায়ীকে ফেরতে জন্যে যোগাযোগ করা হয়। তবে বিএসএফের পক্ষে থেকে জানা গেছে, আটককৃত মাহবুরকে ভারতের বামন গোলা থানায় সোপর্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান