নড়াইল থেকে অপহৃত শিশু চাটমোহরে উদ্ধার

আপডেট : ২৭ জুলাই ২০১৭, ০৯:৫৮
 
নড়াইল থেকে অপহৃত এক শিশুকে চাটমোহর থেকে উদ্ধার করা হয়েছে। নড়াইল ও চাটমোহর থানা পুলিশ গত বুধবার ভোররাতে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় অপহরণকারীর পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। অপহৃত শিশু নড়াইলের কালিয়া গ্রামের ফিরোজ হোসেনের ছেলে বাবু (১২)। গত ২৩ জুলাই চাটমোহর উপজেলার ডিবগ্রাম ইউনিয়নের বামনগ্রামের গোবেশ্বর সরকারের ছেলে দুলাল চন্দ্র সরকার বাবুকে অপহরণ করে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
 
চাটমোহর থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম জানান, দুলাল এক সময় ভারতের জেলে আটক ছিলো। সেখানে পরিচয় শিশু বাবুর এক আত্মীয়ের সঙ্গে। জেল থেকে বের হয়ে দুলাল নড়াইল গিয়ে বাবুর পিতা-মাতাকে আত্মীয়ের পরিচয় দিয়ে সম্পর্ক গড়ে তোলে। এরই এক পর্যায়ে বাবুকে অপহরণ করে দুলাল। এ ব্যাপারে বাবুর পিতা নড়াইল পুলিশে অভিযোগ দিলে নড়াইল পুলিশ পাবনা পুলিশকে জানান। পরে পুলিশ মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে জানতে পারে দুলাল চাটমোহরের বামনগ্রামে আছে। মঙ্গলবার রাতে পুলিশ বামনগ্রামে অভিযান চালালে দুলাল শিশুটিকে নিয়ে সটকে পড়ে। এ সময় পুলিশ দুলালের পিতা গোবেশ্বর সরকারকে আটক করে। পরে ভোররাতে শিশুটি আটঘরিয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এক মহিলার কাছে গিয়ে ঘটনাটি বললে ওই মহিলা স্থানীয় মেম্বারকে জানান। মেম্বার আটঘরিয়া থানা পুলিশে জানালে শিশু বাবুকে উদ্ধার করে চাটমোহরে আনা হয়।
 
অপহৃত বাবু পুলিশকে জানায়, দুলাল তাকে মঙ্গলবার রাতে নিয়ে গিয়ে একটি পুকুরে ডুবিয়ে মারার চেষ্টা করছিলো। সে পানিতে তলিয়ে গেছে ভেবে ছেড়ে চলে যায়। পরে পুকুর থেকে উঠে পাশের এক মহিলাকে সব খুলে বলে। ওই মহিলা তাকে মেম্বার ও পুলিশের কাছে নিয়ে যায়।
 
চাটমোহর থানার ওসি (প্রশাসন) এসএম আহসান হাবীব অপহরণ, অপহৃত উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।শিশু বাবু ও আটক গোবেশ্বরকে নড়াইল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
 
ইত্তেফাক/এমআর