চট্টগ্রামে হত্যা মামলায় ছাত্রদলের ৭ নেতা খালাস

আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৮:৩৪
মহানগর বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রদলের এক নেতাকে গুলি করে হত্যার মামলায় বেকসুর খালাস পেয়েছেন একই সংগঠনের তৎকালীন ৭ নেতা। 
 
চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর মো. রুহুল আমিন বৃহস্পতিবার এ রায় দেন। খালাসপ্রাপ্তরা হলেন- নগর ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক বতর্মানে মহানগর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাবেক ছাত্রদল নেতা সাহেদ আকবর, টিংকু দাশ, আলাউদ্দিন, নাসিরউদ্দিন, অরূপ বড়ুয়া ও রাজা প্রকাশ আজিম উদ্দিন। 
 
জানা গেছে, নিহত গোলাম সরওয়ার তৎকালীন মহানগর বিএনপির সভাপতি মীর মোহাম্মদ নাছির উদ্দিনের অনুসারী ছিলেন। আসামিরা ছিলেন সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের অনুসারী। 
 
উল্লেখ্য, ১৯৯৯ সালের ৮ মার্চ রাতে নগরীর নূর আহমেদ সড়কে বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রদল নেতা গোলাম সরওয়ার গুলিবিদ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় চারদিন থাকার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। ঘটনার ১৮ বছর পর আদালত মামলার রায় ঘোষণা করেন।
 
 
ইত্তেফাক/ইউবি