সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত সম্মেলন বাতিল

আপডেট : ২৭ জুলাই ২০১৭, ২০:৫১
অনিবার্য কারণে সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত দুইদিনের সম্মেলন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার ইউনূস সেন্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অনিবার্য কারণবশত আমরা সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে ২৮-২৯ জুলাই আয়োজিত ৭ম আন্তর্জাতিক সম্মেলন বাতিল ঘোষণা করছি। এই সম্মেলন আগামীকাল (আজ শুক্রবার) সকাল ৯টায় জিরাবোতে অবস্থিত সামাজিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়ার কথা ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে যাদের আমন্ত্রণ করা হয়েছিল এবং সম্মেলনে অংশগ্রহণের জন্য যারা নিবন্ধিত হয়েছিলেন তারা শুক্রবার এবং পরবর্তী দিন শনিবারে সম্মেলনে যোগদানের জন্য যে পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েছিলেন তা যেন বাতিল করেন, তার জন্য অনুরোধ জানাচ্ছি।
 
সকল অতিথি ও অংশগ্রহণকারী, বিশেষ করে বিদেশ থেকে আসার জন্য যারা অনেক সময় ও অর্থ ব্যয় করেছেন, তাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।’
 
ইত্তেফাক/ইউবি