শাহজালালে ২২ লাখ টাকার আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ

আপডেট : ২৮ জুলাই ২০১৭, ২০:৪৯
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। ৩৬০টি কার্টনে মোট ৭২ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়। এর বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা। 
 
শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড.মইনুল খান জানান, চট্টগ্রামের হাটহাজারী এলাকার মোহাম্মদ খোরশেদুল আলম দুবাই থেকে মুম্বাই হয়ে ঢাকা আসছে, এমন তথ্য ছিল গোয়েন্দাদের কাছে। শুক্রবার দুপুর ১২টার দিকে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গোয়েন্দা তথ্য অনুয়ায়ী, শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা গ্রিন চ্যানেলে বিশেষ নজর রাখে। যাত্রী খোরশেদুল ৬নং ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেলের স্ক্যানিং ফাঁকি দিয়ে অতিক্রম করে দ্রুত চলে যাওয়ার সময় তার গতিরোধ করে চ্যালেঞ্জ করা হয়। পরবর্তী সময়ে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার তিনটি লাগেজ খুলে ৭২ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়।
 
ওই যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড.মইনুল খান বলেন,  যাত্রী খোরশেদুলশুল্ক গোয়েন্দাদের চোখ ফাঁকি দিতেই তিনি দুবাই থেকে সরাসরি ফ্লাইটে না এসে মুম্বাই হয়ে আসেন। আমদানি নীতি আদেশ অনুযায়ি সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপান বিরোধী সতর্কীকরণ লেখা ব্যতিত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। জব্দ সিগারেটগুলো ইউএস-এর ৩০৩ ব্র্যান্ডের। এসব সিগারেটের কোনও প্যাকেটেই বাংলায় ধূমপান বিরোধী সতর্কীকরণ লেখা নেই। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পণ্যের শুল্ক করসহ জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ২২ লাখ টাকা।
 
ইত্তেফাক/ইউবি