‘৮ এপ্রিল ওয়াশিংটনে মোমেন-
পম্পেও বৈঠক ফলপ্রসূ হবে’
বিশেষ প্রতিনিধি
আগামী ৮ এপ্রিল ওয়াশিংটনে অনুষ্ঠেয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এর মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হবে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আল মিলার। গত বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্কালে এই প্রত্যাশা করেন রাষ্ট্রদূত মিলার। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এ সময়ে বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী। রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে এক দেশ অপর দেশের খুবই ঘনিষ্ঠ। বাংলাদেশের গ্যাস, তেল ও জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের সুযোগ রয়েছে। এই অঞ্চলের অবকাঠামো ও যোগাযোগ প্রকল্পে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণকে বাংলাদেশ স্বাগত জানায়। সমুদ্রখাতে সরঞ্জাম যুক্ত করলে ব্যবসায়িক যোগ বাড়বে ও এতে জনগণের সমৃদ্ধি আসবে।
মার্কিন রাষ্ট্রদূত মিলার বলেন, ৮ এপ্রিল দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা ফলপ্রসূ হবে। রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে আছে। মার্কিন বিনিয়োগকারীরা বাংলাদেশকে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক গন্তব্য হিসাবে বিবেচনা করে। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের বাণিজ্য বেড়েছে। রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থ সামাজিক অগ্রগতির প্রশংসা করেন।
