ঢামেক হাসপাতালে কৌশলে স্বর্ণের চেইন চুরি, আটক ২

আপডেট : ২৯ জুলাই ২০১৭, ২২:২০
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ভবন-২ এ লিফটের মধ্যে থেকে শনিবার কৌশলে স্বর্ণের চেইন চুরির অভিযোগে দুইজন নারীকে হাতেনাতে আটক করেছে আনসার সদস্যরা। 
 
তারা হলেন নাসিমা (১৭) এবং রুশিয়া বেগম (২০)। এ সময় অপর দুইজন পালিয়ে যায়। পরে আনসার সদস্যরা তাদের শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
 
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ভবন-২ এ লিফটে উঠার সময় রাশেদা বেগম নামে এক নারী চোর চোর বলে চিৎকার দেন। তখন হাসপাতালে থাকা আনসার সদস্যরা হাতেনাতে নাসিমা এবং রুশিয়া বেগমকে  আটক করতে সক্ষম হয়। 
 
রাশেদা বেগম ঢামেক হাসপাতালে সাংবাদিকদের জানান, সাথিয়া নামে তার এক স্বজন হাসপাতালের ৮০২ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন। তার জন্য নিচ থেকে একটি পলিথিনে করে ডাবের পানি নিয়ে লিফট দিয়ে ওপরে যাচ্ছিলাম। লিফট দিয়ে উঠার সময় আমার পাশে থাকা নাসিমা এবং রুশিয়া কৌশলে আমার হাতে থাকা পলেথিন ফুটো করে। তখন পলেথিন দিয়ে ডাবের পানি পড়তে থাকে। লিফটের মধ্যে অনেক মানুষ থাকার কারণে হুড়োহুড়ি সৃষ্টি হয়। তখন রুশিয়া আমার গলায় থাকা স্বর্ণের চেইন ছিঁড়ে অপর আরেকজন নারীকে দিয়ে দেয়। লিফটি পাঁচতলায় থামলে ওই নারী স্বর্ণের চেইনটি নিয়ে চলে যায়। আমি তখন চিৎকার করলে আনসার সদস্যরা হাতেনাতে এসে দুইজনকে আটক করে।
 
ঢামেক হাসমপাতালের ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, এ ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে। তারা দুইজনই যাত্রাবাড়ি এলাকায় থাকে। তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি