টাঙ্গাইলে দম্পতি হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেট : ৩০ জুলাই ২০১৭, ০১:১৮

সদর উপজেলার রসুলপুরে সাবেক স্কুলশিক্ষক অনিল কুমার দাস ও তার স্ত্রী কল্পনা রানি দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে গতকাল শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দুপুরের দিকে স্থানীয় রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দানেশ মেমোরিয়াল কিন্ডার গার্টেনের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, নবপ্রজন্ম সাহিত্য গোষ্ঠীর সদস্যবৃন্দসহ এলাকার সর্বস্তরের মানুষ স্কুলের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। সহস্রাধিক মানুষ ‘খুনিদের ফাঁসি চাই’, ‘অনিল স্যারের খুনিদের ফাঁসি চাই’ ইত্যাদি শ্লোগানসহ এ কর্মসূচি পালন করে।

 

পরে রসুলপুর শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভূইয়া, গালা ইউপি চেয়ারম্যান রাজকুমার সরকার, সাবেক চেয়ারম্যান আতোয়ার রহমান ও ফজলুল হক, জেজেএস-এর নির্বাহী পরিচালক আবুল হাশেম, রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান সরকার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলী হোসেন, জাতীয় হিন্দু মহাজোট টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অলক কুমার দাস প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন কবি ও কথা-সাহিত্যিক রাশেদ রহমান। বক্তারা সাতদিনের মধ্যে অনিল দম্পতির খুনিদের সনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

টাঙ্গাইল মডেল থানার ওসি নাজমুল হক ভূইয়া জানান, হত্যাকাণ্ডের ঘটনায় তেমন কোনো অগ্রগতি নেই। তবে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দুই ভাই রতন কুমার দাস ও স্বপন সৌমিত্রকে আটক করা হয়েছে।

ইত্তেফাক/নূহু