গুরুত্বপূর্ণ প্রথম শ্রেণিভুক্ত ঈশ্বরদী পৌর এলাকার বেশিরভাগ এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। কোথায়ও হাঁটু পানি আবার কোথায়ও কোমর পর্যন্ত পানি। এতে শহরবাসীর জীবন দুর্বিসহ হয়ে পড়েছে।
ঈশ্বরদীর গুরুত্বপূর্ণ কয়েকটি মোড়ে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। উত্তর-দক্ষিণাঞ্চলের সংযোগস্থল দাশুড়িয়া মোড়, রেলগেট এলাকা, পশ্চিম টেংরীর গার্লস স্কুলের মোড়, আদবাড়িয়া বাজারের মোড় এবং উপজেলার পিয়ারখালী এলাকার সড়ক অন্যতম।
এসব মোড় দিয়ে প্রতিদিন ট্রাক, বাস, সিএনজি, মাইক্রো, প্রাইভেট কার, ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানসহ বিভিন্ন ধরনের সহস্রাধিক যানবাহন চলাচল করে। দীর্ঘদিন ধরে এসব মোড়ের রাস্তার সংস্কার হয়নি। এরই মধ্যে অবিরাম বৃষ্টিতে এসব রাস্তার অবস্থা আরো করুণ হয়েছে। প্রতিদিনই এসব স্থানে ভারী যানসহ সকল ধরনের যানবাহন আটকে যাচ্ছে। ফলে মোড়গুলোতে বৃষ্টির মধ্যে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
ভুক্তভোগীরা মনে করেন পৌরসভার মেয়র, কাউন্সিলরদের অবহেলার কারণেই তারা নাগরিক অধিকার হতে বঞ্চিত হচ্ছেন। শহরের আমবাগান এলাকায় কয়েকদিনে বৃষ্টিতে কলোনীর রাস্তা ও খেলার মাঠ পানিতে তলিয়ে গেছে। রাস্তার দুরবস্থা দেখে মনে হয় এটি একটি জলাশয় কিংবা দীঘি। দ্রুত পানি অপসারণের কোনো ব্যবস্থা নেই।
এলাকাবাসী জানান, ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তা ও খেলার মাঠ বৃষ্টির পানিতে তলিয়ে যায়। পাশাপাশি ডাষ্টবিনের ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার না করায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এই দুরবস্থা হতে পরিত্রাণ পেতে আমবাগানবাসী পত্রিকার মাধ্যমে পৌর মেয়র ও কাউন্সিলরদের সুদৃষ্টি কামনা করছেন।
ইত্তেফাক/নূহু
