উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে বিএনপি :হানিফ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২২:২৬

ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, যারা ক্ষমতায় থেকে দেশে উন্নয়ন করতে পারেনি, তারা এখন ক্ষমতার বাইরে থেকেও উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বারবার ষড়যন্ত্র করছে। গত বুধবার ঢাকা মহানগর ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর আজিমপুর কমিউনিটি সেন্টার মাঠে এক আলোচনা সভায় বিএনপির উদ্দেশে তিনি বলেন, উন্নয়নকে বাধাগ্রস্ত করবেন না, তাহলে জনগণ আপনাদের কখনো ক্ষমা করবে না। দেশের উন্নয়নের জন্য সরকারকে সহযোগিতা করতে তিনি বিএনপির প্রতি আহ্বান জানান।

হানিফ বলেন, এতিমের টাকা আত্মসাতের দায়ে সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া কারাগারে। তাকে মুক্ত করার দায় দেশের জনগণ নেবে না। তিনি আরো বলেন, বিএনপির নেতারা খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দালনের কথা বলছেন। দণ্ডপ্রাপ্ত আসামি খালেদা জিয়ার মুক্তি দিতে পারে একমাত্র আদালত, এছাড়া অন্য কোনো সুযোগ নেই। ২৬নং ওয়ার্ডের কমিশনার হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর মুজিব কোট বিতরণ করেন মাহবুব-উল-আলম হানিফ।