শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ছোট গজনিতে হাতির আক্রমণে এক আদিবাসী আলু চাষী নিহত হয়েছেন। গত শনিবার দিবাগত রাত একটায় ওই গ্রামের মৃত নরেন মারাকের ছেলে কলরেশ সাংমা (৫৫) বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ছোট গজনি এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্তমান উপজেলা পুলিশিং কমিটির সভাপতি আনার উল্লাহ জানায় বন্যহাতির পাল প্রতিরাতেই কৃষকের আবাদী জমিতে হানা দিচ্ছে। নিহত ব্যক্তির রোপনকৃত আলুর আবাদে শনিবার গভীর রাতে হাতির পাল হানা দিলে কলরেশ সাংমা তা প্রতিহত করতে গেলে হাতির কবলে পড়ে তার মৃত্যু হয়।
ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস এ খবর নিশ্চিত করেছেন। বনবিভাগ কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইত্তেফাক/এএম।
