ইত্তেফাক রিপোর্ট
নীলক্ষেতে অভিযান চালিয়ে জাল সার্টিফিকেট তৈরি চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত হলেন জসিম উদ্দিন। বৃহস্পতিবার সন্ধ্যায় নীলক্ষেতের বাকুশাহ কমপ্লেক্সের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০ এর উপ-অধিনায়ক আশরাফুল হক জানান, বাকুশাহ কমপ্লেক্সে ক্রাইম প্রিভেনশান কোম্পানি-৩ এর কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় জাল সার্টিফিকেট তৈরি চক্রের জসিম উদ্দিন নামে এক সদস্যকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৩৬টি জাল সার্টিফিকেট, ৩টি জাল মার্কসিট, ২টি সিপিইউ, ৩টি প্রিন্টার, ২টি স্ক্যানার, ২টি মাউস, ১টি পেনড্রাইভ, সাড়ে ৩ হাজার টাকা, একটি দৈনিক পত্রিকার সাংবাদিকের ১টি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম উদ্দিন জানায়, দীর্ঘদিন ধরে মাধ্যমিক শিক্ষা বোর্ডের জুনিয়র সার্টিফিকেট, উচ্চমাধ্যমিক বোর্ডের সার্টিফিকেট, মাদ্রাসা বোর্ডের জুনিয়র, দাখিল, আলিম, ফাজিল ও কামিলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স, ও মাস্টার্স সার্টিফিকেট, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ও ব্যবসা প্রশাসনের বিবিএ সার্টিফিকেট তৈরি করে আসছে সে। এছাড়াও বিভিন্ন মেডিক্যাল কলেজের এমবিবিএস সার্টিফিকেট, প্যারামেডিক্যালের জাল সার্টিফিকেট ও মার্কশিট তৈরি করে বিক্রি করতো। এ ঘটনায় নিউমার্কেট থানায় একটি মামলা করা হয়।
