ফুলবাড়ীতে পুলিশ কর্মকর্তা মারপিটের শিকার

আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১৭:৩৮
 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মারপিটের শিকার হয়েছেন এক পুলিশ কর্মকর্তাসহ তার সোর্স। ঘটনাটি ঘটে শনিবার রাত ৯টার দিকে উপজেলার অনন্তপুরের বেড়াকুটি বাজার এলাকায়।
 
ঘটনার সময় পুলিশ কর্মকর্তার সঙ্গে থাকা দুই পুলিশ সদস্য পালিয়ে যায়। ফুলবাড়ী ও নাগেশ্বরী থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে টানা তিনঘণ্টা স্থানীয় জনতার সঙ্গে বৈঠক করে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে।
 
স্থানীয়রা জানিয়েছেন,পার্শ্ববর্তী নাগেশ্বরী থানা পুলিশের এএসআই মুনির হোসেন, দুই পুলিশ সদস্য মোস্তাফিজুর রহমান, উদয় চন্দ্র ও তাদের সোর্স কুড়িগ্রাম সদরের রনজুকে নিয়ে ফুলবাড়ী উপজেলার অনন্তপুরের বেড়াকুটি বাজার এলাকায় শনিবার রাতে মাদক উদ্ধারের জন্য প্রবেশ করেন। সিভিলে থাকা এএসআই মনির তার সোর্স রনজুকে দিয়ে ওই এলাকার মৃত মনছুর আলীর ছেলে মাদক ব্যবসায়ী মতিনকে কৌশলে ডেকে নিয়ে তাদের হাতে থাকা দুই বোতল ফেনসিডিলের মধ্যে এক বোতল ফেনসিডিল দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করে হাতকড়া পরান।
 
মতিনের চিৎকারে আশেপাশের লোকজন এসে মারপিট করে পুলিশ কর্মকর্তা ও তার সোর্সকে। জনতার মারমুখী অবস্থান টের পেয়ে পুলিশ সদস্য মোস্তাফিজুর রহমান ও উদয় চন্দ্র পালিয়ে যায়। খবর পেয়ে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মণ্ডল তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। পরে ফুলবাড়ী ও নাগেশ্বরী থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে একটানা তিনঘণ্টা স্থানীয় জনতার সঙ্গে বৈঠক করে তাদেরকে উদ্ধার করা হয়।
 
কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মণ্ডল জানান, পুলিশ ও স্থানীয় জনতার মাঝে ভুল বুঝাবুঝি হয়েছে। মীমাংসা করে দিয়েছি। এব্যাপারে নাগেশ্বরী বি সার্কেল এর এএসপি আসাদুজ্জামান জানান, বিষয়টি আমি জানি। তাদেরকে মাদক উদ্ধার অভিযানে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/জামান