যাত্রী সেবা না বাড়িয়ে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে নাগরিক ও ছাত্র-জনতার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার শহরের স্টেশন রোডে দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত ঘণ্টব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সম্মিলিত নাগরিক ফোরাম।
ফোরামের আহ্বায়ক এনায়েত করিম অমির সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আতাউর রহমান, জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাসুম খান, নারী নেত্রী বিলকিস বেগম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম জুয়েল, পৌর মহিলা কলেজের প্রভাষক শহীদুল ইসলাম রুবেল, জেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, আওয়ামী লীগ নেতা হাসান মামুন উজ্জ্বল প্রমুখ।
বক্তাগণ অভিযোগ করেন, যুক্তিসঙ্গত কারণ ছাড়াই হঠাত্ করেই পরিবহন মালিকরা কিশোরগঞ্জ থেকে ঢাকার বাস ভাড়া টিকিট প্রতি ৫০ টাকা বাড়িয়ে ২৫০ টাকা ধার্য করেছে। তারা এই রুটে পুরাতন লক্কড়-ঝক্কড় মার্কা বাসের পরিবর্তে উন্নতমানের বাস চালুরও দাবি জানান। পরে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।
ইত্তেফাক/নূহু
