নেত্রকোনায় হেলে পড়েছে বিদ্যুতের খাম্বা

আপডেট : ৩১ জুলাই ২০১৭, ০৩:১৯

নেত্রকোনা পৌর শহরের বিভিন্ন সড়কে বিদ্যুত্ বিভাগের খুঁটিগুলোর অধিকাংশ সোজা থেকে বাঁকা হয়ে পড়েছে। অনেক খুঁটি জীর্ণ হওয়ায় যে কোনো সময় তা ভেঙে পড়ে পথচারিদের জীবনহানি ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এধরনের খুঁটি বা খাম্বার সংখ্যা হবে অর্ধ-শতাধিক। এছাড়া অনেক খুঁটি পৌর সড়কের উপর হওয়াতে চলমান সড়ক সম্প্রসারণ কাজ করা যাচ্ছে না বলেও জানা গেছে। নেত্রকোনা শহরের কোর্ট স্টেশন রোড, মোক্তারপাড়া, ছোট বাজার, মালনী রোডসহ বিভিন্ন স্থানে বিদ্যুতের তার সংযোজনের জন্য যে সমস্ত খুঁটি ৩০ থেকে ৪০ বছর পূর্বে বসানো হয়েছিল, সেগুলোর অধিকাংশ বিদ্যুতের তারের ভারে বেঁকে গেছে বা কাত হয়ে পড়েছে।

এছাড়া বেশকিছু খুঁটি বা খাম্বার বিভিন্ন অংশ ফেটে গেছে। বড় বড় গর্ত হয়েছে। এই খুঁটি বা খাম্বাগুলো বড় ধরনের ঝড় হলে মাটিতে ভেঙে পড়তে পারে বলে সকল মহল থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এছাড়া সরজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক বিদ্যুতের খাম্বা লতা-পাতায় ছেয়ে আছে। এগুলো পরিষ্কার করাও হচ্ছে না। এছাড়া গাছের ডালপালায় বিদ্যুতের খাম্বা ঢেকে পড়েছে। এদিকে নেত্রকোনা পৌরসভার প্রধান সড়কটির সংস্কার কাজ শুরু হয়েছে। কিন্তু অনেক খুঁটি সড়কের উপর থাকায় সড়কটির সম্প্রসারণ কাজ করা যাচ্ছে না বলে পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। বিদ্যুত্ বিভাগকে জানালেও তারা তাতে কর্ণপাত করছেন না।

 নেত্রকোনা পিডিবি কর্তৃপক্ষের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তারা জানান, নেত্রকোনা শহর ও শহরতলীর বিদ্যুতের নষ্ট খাম্বা বা হেলে যাওয়া ঝুঁকিপূর্ণ খাম্বাগুলো পরিবর্তনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

ইত্তেফাক/নূহু