গাজীপুরে সাবেক এমপির ছেলে গুলিতে নিহত

আপডেট : ৩১ জুলাই ২০১৭, ০৯:০০
 
গাজীপুরের কালীগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে বিএনপির সাবেক এমপি মোখলেছুর রহমান জিতু মিয়ার ছেলে ফয়সাল মিয়া নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। 
 
পুলিশের ধারণা, মাদক নিয়ে বিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটতে পারে। নিহত ফয়সাল মিয়ার পিতা মোখলেছুর রহমান জিতু মিয়া গাজীপুর-৫ আসনের বিএনপির সংসদ সদস্য ছিলেন।
 
কালীগঞ্জ থানা পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাদগাতি এলাকায় বাড়ির পাশের কলাবাগানে কয়েকজন সন্ত্রাসী ফয়সাল মিয়াকে পেছন থেকে গুলি করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ ফয়সাল দৌড়ে ওই এলাকার একটি দোকানের সামনে গিয়ে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পেছনে এবং বাম পাশে গুলির চিহ্ন রয়েছে। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।
 
ইত্তেফাক/কেকে