আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ ীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। কোনো চক্রান্ত করে এই উন্নয়ন অগ্রযাত্রা বন্ধ করা যাবে না। ১৪ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নের পক্ষে থাকবে।
গতকাল শুক্রবার বিকালে কাজিপুর উপজেলা সদরে নির্মিত স্বাধীনতা স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ এম মনসুর আলীসহ জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পরে তিনি উপজেলা সদরে নির্মিত বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন। কাজিপুরের দুর্গম চরে ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ , শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, পাকা সড়ক নির্মাণ, রেস্ট হাউস নির্মাণ, উপজেলা পরিষদের নতুন ভবন, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ, আইএইচটি, আমেনা মনসুর টেক্সটাইল, পাঁচশ আসন বিশিষ্ট শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম নির্মাণসহ উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে তিনি বলেন, সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন হয়। তাই শেখ হাসিনার নেতৃত্বে সরকারের ধারাবাহিকতার কোনো বিকল্প নেই।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, আওয়ামী লীগ সভাপতি আলহাজ শওকত হোসেন, সাধারণ সম্পাদক নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, পৌর আওয়ামী লীগ সভাপতি গোলাম মোস্তফা তালুকদার, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
