‘আগামী নির্বাচনে ভরাডুবির ভয়ে বেসামাল সরকার’

আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৩:০৯
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে সারাদেশে আওয়ামীলীগের ব্যাপক ভরাডুবি হবে। সরকারি জরিপেও তা উঠে এসেছে। জনগণ তাদেরকে আর ভোট দিবে না। এই ভয়ে সরকার বেসামাল হয়ে পড়েছে।
 
তিনি সোমবার কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
তিনি আরো বলেন, এই অনির্বাচিত সরকার ক্ষমতায় থেকে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। তাদের দুর্নীতি আর দুঃশাসনে দেশের মানুষ এখন ত্যক্ত-বিরক্ত। সরকারের মন্ত্রী ও এমপিরা রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করতে প্রতিনিয়ত আবোল-তাবোল বলছে, মিথ্যাচার করছে। তাদের এসব বক্তব্য অশালীন ও রাজনৈতিক শিষ্টাচারবর্জিত। আওয়ামী লীগ আবারো ক্ষমতায় যেতে নানা ফন্দি-ফিকির ও দুরভিসন্ধি করছে। এজন্য তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে।
 
অনুষ্ঠানে ড. মোশাররফ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, দাউদকান্দি বিএনপির সভাপতি একেএম শামসুল হক, সাধারণ সম্পাদক আবুল হাশেম চেয়ারম্যান, পৌর বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি নূর মোহাম্মদ সেলিম সরকার, সাধারণ সম্পাদক নূরুল আমীন নাঈম সরকার, দাউদকান্দি যুবদলের সভাপতি ভিপি জাহাঙ্গীর আলম ও ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ দলের সিনিয়র নেতাদের সদস্যপদ নবায়ন এবং বিপুলসংখ্যক নতুন সদস্য সংগ্রহ করেন।
 
ইত্তেফাক/এমআর