বাগেরহাটে ট্রলির চাপায় ফয়সাল মিনা নামে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ১১ টার দিকে শহরের দড়াটানা সেতুর বাইপাস সড়কের মারিয়া পল্লীর সামনে এই দুর্ঘটনা ঘটে।
ফয়সাল মিনা দড়াটানা সেতুর মারিয়া পল্লী এলাকার রিগান মিনার ছেলে ও স্থানীয় গণশিক্ষা মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র।
বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনোজিত কুমার নন্দি বলেন, সকালে বাগেরহাট শহর থেকে দড়াটানা সেতুর মারিয়া পল্লী এলাকায় পায়ে হেঁটে বাবার সঙ্গে বাড়ি ফেরার সময় ইটবালু পরিবহনের একটি ট্রলি পেছন থেকে ফয়সালকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত ফয়সালকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ট্রলিটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
ইত্তেফাক/কেকে
