শৈলকুপায় দলিল লেখক সমিতির কর্মকাণ্ড তদন্তের নির্দেশ

আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৫:১০
ঝিনাইদহের শৈলকুপা সাব-রেজিস্ট্রি অফিসের অনিবন্ধিত দলিল লেখক সমিতির অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন। সোমবার সকালে তিনি এই নির্দেশ প্রদান করেন।
 
আদেশে বলা হয়েছে শৈলকুপার জনৈক আমিন মন্ডল নামের এক ব্যক্তি সাব-রেজিস্ট্রি অফিসের নিবন্ধনহীন দলিল লেখক সমিতির নামে একটি অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের বিষয়টি আমলে নিয়ে বিচারক এ আদেশ দেন। আগামী ৩০ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে বলে আদেশে উল্লেখ করেছেন।
 
এদিকে শৈলকুপা সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির বিরুদ্ধে দুর্নীতি তদন্তের জন্য জেলা প্রশাসক মো. জাকির হোসেন জেলা রেজিস্ট্রারকে আরও একটি নির্দেশ দিয়েছেন।  সোমবার সকালে জেলা রেজিস্ট্রার আব্দুল মালেক অভিযোগ তদন্ত করতে শৈলকুপা সাব রেজিস্ট্রার অফিসে যান।  তিনি বলেন, জেলা প্রশাসক অভিযোগ তদন্ত করে রিপোর্ট দিতে বলেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে তিনি রাজি হননি। 
 
শৈলকুপা সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখকরা সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ  আদায় করছেন বলে অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবার একটি আবেদন করেন জনৈক ব্যক্তি। অভিযোগে বলা হয় ৫ লাখ টাকা জমির মূল্যে একটি দলিল রেজিস্ট্রি করতে সর্বমোট খরচ হয় ৪৬ হাজার ২’শ ৪০ টাকা। সেক্ষেত্রে নেওয়া হচ্ছে ৬২ হাজার ৫’শ টাকা। ১৬ হাজার ২’শ ৬০ টাকা বেশি নেওয়া হচ্ছে।
  
কথিত দলিল লেখক সমিতির সভাপতি সহিদুজ্জামান ওরফে নান্নু মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, শৈলকুপায় দলিল লেখকদের কোন সমিতি নেই। তিনি দাবি করেন, দলিল লেখকরা সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা নেন না। 
 
ইত্তেফাক/এমআই