কুষ্টিয়ার মিরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সেলিম হোসেন ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ভিটামিন ‘এ’ যে শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদেরকে রক্ষা করে তাই নয়, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মৃত্যুর ঝুঁকি কমায়। রাতকানা রোগের প্রাদূর্ভাব ও অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধে ৫ বছরের কম বয়সী শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। সরকারের এ মহতি উদ্যোগ থেকে একটি শিশুও যেন বাদ না পড়ে সেই দিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন, মিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ এস এম সাজ্জাদুল ইসলাম সজীব। সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সেলিম হোসেন ফরাজী বলেন, আগামী ৫ আগষ্ট জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ সময়ে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ প্রোগ্রামের কোন সার্চিং কার্যক্রম না থাকায় তিনি কর্মসূচীর দিন শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো জন্য অভিভাবকদের প্রতি উদাত্ব আহ্বান জানান।
ইত্তেফাক/নূহু
