মাগুরা পৌরসভার কলকালিয়াপাড়া এলাকায় মাত্র ১শ মিটার রাস্তা সংস্কার না করায় মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ওই এলাকার বাসিন্দা আকুল বৈদ্য, রুবিয়া বেগম, নাজমুল ইসলাম, অনিতা বৈদ্যসহ একাধিক ব্যক্তি জানান, জনবহুল এ রাস্তাটি দিয়ে কলকলিয়াপাড়া, বৈদ্যবাড়ি, শিবরামপুর, নড়িহাটিসহ এ অঞ্চলের প্রায় ১০ হাজার মানুষ যাতায়াত করতো। বিশেষ করে শিবরামপুর প্রাথমিক বিদ্যালয়, শিবরামপুর স্কুল অ্যান্ড কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পথে যাতায়াত করে। নবগঙ্গা নদীর পাড় থেকে রাস্তা ও সংলগ্ন ড্রেনের কারণে ওই এলাকার মানুষ অনেক উপকৃত হচ্ছিল। কিন্তু রাস্তা তৈরির পর থেকে গত আট বছরে সংস্কারের কোনো ব্যবস্থা নেয়নি পৌর কর্তৃপক্ষ। ফলে সম্প্রতি বৃষ্টিতে ওই এলাকার আনোয়ার হোসেনের বাড়ির সামনের প্রায় ১শ মিটার রাস্তা ও ড্রেন ধসে পড়েছে। বৃষ্টির পানি বের হতে না পেরে রাস্তার পার্শ্ববর্তী কলকলিয়াপাড়া ও দড়ি মাগুরার ২শটি বাড়িতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বেশকিছু বাড়ি ভাঙন আতঙ্কে রয়েছে। রাস্তাটির এ অংশ ভেঙে যাওয়ায় ওই এলাকার মানুষকে দুই কি.মি. বেশি ঘুরতে হয় বলে জানান তারা। দ্রুত রাস্তা ও ড্রেন সংস্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মাগুরা পৌরসভার প্রধান প্রকৌশলী সাইফুল ইসলাম হিরক জানান, রাস্তাটি নদীর পাড়ে হওয়ায় এটির সংস্কার বেশ ব্যয়বহুল। তবুও আমরা পরবর্তী বাজেটে রাস্তাটি সংস্কারের চেষ্টা করবো।
ইত্তেফাক/নূহু
