পূর্বধলার সদর গুদাম ও স্টেশন সড়ক বেহাল

আপডেট : ০১ আগস্ট ২০১৭, ০২:১১

জেলার পূর্বধলা উপজেলা সদরের গুদাম সড়ক ও ষ্টেশন রোডটি এখন যানবাহনসহ জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটির বর্তমান অবস্থা এমন দাঁড়িয়েছে যে হেঁটে চলাও কষ্টকর হয়ে পড়েছে। সারা রাস্তাই এখন কাদায় পূর্ণ। সামান্য বৃষ্টি হলেই পানিতে ভরে যায়। অথচ এই সড়কটিতে রয়েছে অনেক দোকান। এছাড়া স্কুলে যেতে হলেও এই সড়কটি ব্যবহার করতে হয়।

 

এই সড়কটি কয়েকবার সংস্কার করা হলেও ঠিকাদারের গাফিলতিতে সড়কটির মেরামত বা সংস্কার সঠিকভাবে করা হয়নি বলে এলাকাবাসির অভিযোগ রয়েছে। এ কারণে মেরামতের পর মাস দুয়েক যেতে না যেতেই আবার সড়কটি বেহাল অবস্থায় পরিণত হয়। এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অভিযোগ করেও কোনো লাভ হয়নি বলে এলাকাবাসি জানান।

সড়কটি সংস্কারের ব্যাপারে পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বর্ষার পরপরই সড়কটি মেরামতের জন্য ব্যবস্থা নেওয়া হবে। তবে এলাকাবাসি দ্রুত সড়কটি মেরামতের জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন।  

ইত্তেফাক/নূহু