ডুমুরিয়ায় লেগুনা-নছিমন মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আপডেট : ০১ আগস্ট ২০১৭, ১৪:০৭
 
উপজেলার কাঁঠালতলা-মাগুরখালী গ্রামীন সড়কে মঙ্গলবার সকালে লেগুনা ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে আরশাফ মোড়ল (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। অপর শ্রমিক আতাউর রহমানকে (৩৫) আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে। 
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানান, আজ সকাল ৯টার দিকে একদল শ্রমিক নছিমনে চড়ে কাজে উদ্দেশে মাদারতলা বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে দ্রুতগামী যাত্রীবাহী একটি লেগুনা সঙ্গে বয়ারসিং নামক স্থানে নন্দ বাবুর বাড়ির সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনে থাকা শ্রমিক উপজেলার আটলিয়া গ্রামের মৃত মোস্তফা রহমান মোড়লের ছেলে আরশাফ মোড়ল ও মলমলিয়া গ্রাসের মোফাজ্জেল মোড়লের ছেলে আতাউর রহমান খান আহত হন। আহতদেরেকে স্থানীয়রা দ্রুত ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। 
 
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম আগত আরশাফ হোসেন মোড়লকে মৃত বলে ঘোষণা করেন। আহত আতাউর রহমানকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয় বলে তিনি জানান। 
 
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্তের অনিহা প্রকাশ করায় স্থানীয় চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে নিহত শ্রমিকের লাশ তার পবিরারের কাছে হস্তান্তর করা হয়। তবে হাইওয়ে পুলিশ আইনে থানায় একটি মামলা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে