চট্টগ্রামের মিরসরাইয়ে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে ছাত্র ও যুবলীগের কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জোরারগঞ্জ থানাধীন পাঁচ নম্বর ওচমানপুর ইউনিয়নের মরগাং গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম পারভেজ চৌধুরী (৩২)। সে ওচমানপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মরগাং গ্রামের রহিম ড্রাইভারের ছেলে।
নিহতের ভাই রিয়াজ জানায়, সোমবার সকালে স্থানীয় আদর্শ গ্রামের জৈনক মাদক বিক্রেতা দুলালের কাছে তার ভাই প্রাপ্ত দুই হাজার টাকা চাইলে দুলালের সাথে বাক-বিতণ্ডা হয়। পরে দুলাল স্থানীয় চার নম্বর ধুম ইউনিয়নের যুবলীগ নেতা ইকবাল হোসেন রানার নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগ কর্মীকে নিয়ে স্থানীয় মৌলভী বাজারে পারভেজকে ধরে মারধর করে এক পর্যায়ে পারভেজও তাদের কয়েকজনকে মারে।
পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যায় পারভেজ বাড়ির পাশে মসজিদের সামনে অবস্থান করছিলেন। এসময় ফের রানার নেতৃত্বে ছাত্রলীগের ফারুক, বেলাল, আরিফ, আরমান, আরিফ ২, মাসুদ, শেখ জাহেদ, দেলোয়ার, রাসেলসহ অন্তত ৩০ জন দেশীয় রাম দা ছুরি ও লাঠি-সোটা নিয়ে পারভেজের উপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। এসময় পারভেজের মা জাহেদা বেগম ছেলেকে রক্ষা করতে গেলে তিনিও হামলার শিকার হন।
সন্ত্রাসীরা পারভেজকে কুপিয়ে ফেলে রেখে চলে গেলে স্থানীয়রা উদ্ধার করে মস্তান নগর হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত রামদা, বড় ছুরি ও রড় উদ্ধার করে স্থানীয়রা। এবিষয়ে চার নম্বর ধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর ভুঁইয়া হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) আনোয়ার উল্লাহ বলেন, 'নিহতের বাড়ি থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।' এবিষয়ে নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
ইত্তেফাক/জামান
