সাতক্ষীরায় সরকারি শিশু পরিবারের (এতিমখানা) শিশুদের ওপর শারীরিক, মানসিক এবং যৌন নিপীড়নের তীব্র প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সাতক্ষীরা শহীদ আলাউদ্দিন চত্বরে মুক্তিযোদ্ধো-জনতার ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা সুভাষ সরকারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ নিমাই চন্দ্র মণ্ডল, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট ফাইমুল হক কিসলু, জেলা গণফোরামের সাধারণ সম্পাদক আলি নুর খান বাবুল, আওয়ামী লীগ নেতা হারুনার রশিদ, সিপিবির সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, সাতক্ষীরা ভিশনের অপারেশ পাল, জাগ্রত সাতক্ষীরার আহ্বায়ক সায়েম ফেরদৌস মিতুল, আছাদুজ্জামান আসাদ প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, সন্তান সমতুল্য শিশুদের ওপর যারা শারীরিক, মানসিক ও যৌন নিপীড়ন চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যাতে ঐ সমস্ত অপরাধীরা কোনোক্রমেই ছাড় না পায়। বক্তারা বলেন, শুধু একজনকে কর্মচারীকে বদলি করলে হবে না যারা দোষী তাদের সকলকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। বক্তারা
এ সময় তদন্ত কমিটিতে প্রশাসনের পাশাপাশি একজন সাংবাদিক ও একজন সুশীল সমাজের প্রতিনিধিকে সংযুক্ত করার আহ্বান জানান।
ইত্তেফাক/নূহু
