ইত্তেফাক ডেস্ক
সড়ক দুর্ঘটনায় তিন জেলায় চার জন নিহত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহে দুটি গাড়ির সংঘর্ষে এক বিএনসিসি’র এক্সক্যাডেট নিহত হন। মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এক ট্রাক চালক। এছাড়া কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলায় গতকাল শুক্রবার বিকালে ট্রাক ও পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানের ২ যাত্রী নিহত হয়েছেন।
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গৌরীপুর উপজেলার চরশ্রীরামপুর এলাকায় বৃহস্পতিবার রাতে ট্রাক ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে বিজয় রবিদাস (২২) নামে এক বিএনসিসি’র এক্স ক্যাডেট কর্পোরাল নিহত হয়েছেন। তিনি নেত্রকোনা সরকারি কলেজের গণিত সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র। গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন জানান, বিজয় রবি দাস ঘটনাস্থলেই মারা যান। মাহেন্দ্র গাড়ির চালক আহত হয়েছে। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাহেন্দ্র গাড়িটি আটক করা হয়েছে।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মহাসড়কের মুশুরিয়ায় এ দুর্ঘটনা ঘটে। বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, রাবেয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ট্রাকটির সংঘর্ষ হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলায় গতকাল শুক্রবার বিকালে ট্রাক ও পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানের ২ যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন মিরপুর পৌরসভার ৭নং ওয়ার্ড নওপাড়া মহল্লার দোল্লা মল্লিকের ছেলে কারিবুল মল্লিক (৪২) ও পৌরসভার ৯নং ওয়ার্ড খন্দকবাড়ীয়া মহল্লার কুঠিপাড়ার মুন্নাফ (৫০)। পুলিশ ট্রাকটিকে আটক করেছে।
