৫৭ ধারায় গ্রেফতার সাংবাদিক লতিফ মোড়লের জামিন

আপডেট : ০২ আগস্ট ২০১৭, ১২:৩৬
 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার মামলায় গ্রেফতার সাংবাদিক আব্দুল লতিফ মোড়লকে জামিন দিয়েছে আদালত। আজ বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে শুনানি শেষে পুলিশের চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ‘খ’ অঞ্চলের বিচার নুসরাত জাবিন ১০ হাজার টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেন। আসামি জেল হাজতে থাকায় তার অনুপস্থিতেই এ জামিন শুনানি অনুষ্ঠিত হয়।
 
আদালতে আসামির পক্ষে জামিন শুনানিতে অংশগ্রহণ করেন অ্যাডভোকেট সুজিৎ অধিকারী, আব্দুস সাত্তার, মোল্লা মতিয়ার রহমান, অশোক সিংহসহ ১৪/১৫জন আইনজীবী ।
 
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুজিৎ অধিকারী বলেন, ‘সাংবাদিক আব্দুল লতিফের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে, তা তথ্য প্রযুক্তি আইনের ধারায় পড়ে না। এই মামলা দায়েরের মাধ্যমে আইনকে অপব্যবহার করা হয়েছে।’
 
উল্লেখ্য, গত সোমবার রাত ৯টার দিকে সুব্রত ফৌজদার নামে এক ব্যক্তি সাংবাদিক আব্দুল লতিফ মোড়লের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার কয়েক ঘণ্টার মাথায় ওই দিন রাত আড়াইটার দিকে ডুমুরিয়া উপজেলা সদরের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সাংবাদিক লতিফ মোড়ল স্থানীয় একটি দৈনিকের ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি।
 
এদিকে, গত মঙ্গলবার দুপুরে সাংবাদিক লতিফ মোড়লকে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ‘খ’ অঞ্চলে হাজির করা হয়। বিচারক নুসরাত জাবিন শুনানি শেষে আজ বুধবার পুনরায় মামলার শুনানির দিন ধার্য্য করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।আদালত আজ শুনানি শেষে তার অন্তর্বর্তীকালীন মঞ্জুর করেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৯ জুলাই মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি তার নিজ এলাকা ডুমুরিয়ায় বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পের (এফসিডিআই) আওতায় কয়েকজন দুস্থের মাঝে হাঁস, মুরগি ও ছাগল বিতরণ করেন। জুলফিকার আলী নামে দক্ষিণ ডুমুরিয়া গ্রামের এক ব্যক্তির পাওয়া ছাগল ওইদিন রাতেই মারা যায় বলে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ওই খবর ফেসবুকে শেয়ার করার অভিযোগে লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেন সুব্রত। মামলার বাদী যশোর থেকে প্রকাশিত একটি পত্রিকার ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি। 
 
ডুমুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, মামলার বাদী সুব্রত। মামলার এজাহারে বলা হয়েছে, প্রতিমন্ত্রীর বিতরণ করা ছাগল মারা যাওয়া সংক্রান্ত সংবাদ ফেসবুকে শেয়ার করেন লতিফ। এতে প্রতিমন্ত্রীর সম্মান ক্ষুণ্ণ হয়েছে। তাই লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেছেন তিনি।
 
ইত্তেফাক/কেকে