আড়াইহাজারে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ০০:১৪

আড়াইহাজারে শাবনুর (২২) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে  উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা মাঝিবাড়ী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শাবনুর ওই গ্রামের মৃত মোতালেব মিয়ার মেয়ে। গোপালদী ফাঁড়ির এসআই নাসির উদ্দিন জানান, মেয়েটির মা স্থানীয় একটি কারখানায় কাজ করেন।  শাবনুর গার্মেন্টের শ্রমিক হিসেবে কাজ করেন। ঘটনার দিন শাবনুরকে ঘরে রখে তার ভাই কাইয়ুম জুমার নামাজ পড়তে যান। ফিরে এসে দেখেন ঘরের আড়ার সাথে বোনের লাশ  ঝুলছে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, ময়নাতদন্তের আগে এ ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না।

চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

আড়াইহাজার থানা পুলিশ বৃহস্পতিবার  রাতে অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।  উপজেলার বাজবী পূর্বপাড়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী  মাহমুদুল্লাহর বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।  আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, আটকরা হলো বাজবী পূর্বপাড়ার মতিন ভূঁইয়ার ছেলে নাইম (২৪), সত্যভান্দির তাজু ভূঁইয়ার ছেলে ইসমাইল ভূঁইয়া (৩১), দুপ্তারা মণিপাড়ার দুশাসন মাস্টারের ছেলে গোপাল চন্দ্র দাস (৫৫) এবং কুমিল্লার হোমনা থানার বাইল্যাকান্দি পূর্বপাড়া সরকার বাড়ির আ. রশিদের ছেলে পাকির আলী (৩৫)। এরা দীর্ঘ দিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদক আইনে মামলা হয়েছে।