৯৯ শতাংশ বস্তিবাসী নিরাপদ খাবার পানি পাচ্ছে: প্রকল্পের তথ্য

আপডেট : ০২ আগস্ট ২০১৭, ২২:১০
 
শহরের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ৯৯ দশমিক ৯ শতাংশ পরিবার ওয়াটার এইড পরিচালিত এক প্রকল্পের আওতায় নিরাপদ খাবার পানির সুবিধা পাচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পানি, পয়ঃনিষ্কাশন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার (ডব্লিওএএসএইচ) ওপর পরিচালিত এক প্রকল্পের বিস্তারিত তুলে ধরার সময় এ তথ্য দেয়া হয়।
 
ওয়াটার এইডের প্রকল্প 'প্রমোটিং এনভায়রনমেন্টাল হেলথ ফর আরবান পুওর (পিহাপ)'র আওতায় শহরের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে পানি, স্যানিটেশন ও হাইজিন পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন উদ্ভাবনীমূলক উদ্যোগ গ্রহণ করা হয়। প্রকল্প বাস্তবায়নের পর দেখা যায়, বস্তির ৯৯ দশমিক ৯ শতাংশ পরিবার উন্নত পানির উৎস থেকে নিরাপদ খাবার পানি পাচ্ছে। ৯৯ শতাংশ মানুষ প্রতিদিন মাথাপিছু ২০ লিটার বিশুদ্ধ পানি পেয়ে থাকেন, যা প্রকল্প শুরুর অবস্থা থেকে ৭৫ পার্সেন্টেজ পয়েন্ট বেশি।
 
ওয়াটারএইড বাংলাদেশের দেশীয় প্রতিনিধি ড. মো. খাইরুল ইসলাম জানান, ঢাকা, চট্টগ্রাম ও খুলনার ১৭০টি বস্তিবাসীর ওপর ২০১১ সালের নভেম্বর থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত প্রকল্পটি পরিচালিত হয়েছে।
 
দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে), কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডব্লিওএফডি), নবলোক এবং অ্যাসোসিয়েশন ফর রিয়েলাইজেশন অব বেসিক নিডস (এআরবিএএন) স্থানীয় এই চারটি এনজি'র সাথে অংশীদারিত্বের ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। 
 
নিরাপদ খাবার পানি, উন্নত স্যানিটেশন এবং কাঙ্ক্ষিত স্বাস্থ্যবিধির অভ্যাস নিশ্চিত করার মাধ্যমে পরিবেশগত স্বাস্থ্য সংশ্লিষ্ট   জাতীয় লক্ষ্য এবং এমডিজি'তে (পরবর্তীতে এসডিজি) অবদান রাখাই প্রকল্পটির উদ্দেশ্য।
 
ইত্তেফাক/জামান