বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা

আপডেট : ০২ আগস্ট ২০১৭, ২২:৪৯
 
নীলফামারীর ডোমারে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অবস্থান করছে প্রেমিকা লাবনী রানী রায়। ঘটনার পর থেকে বাড়ি ছেড়ে পালিয়েছে প্রেমিক চন্দ্র কিশোর রায়। ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের নয়ানী বাকডোকরা গ্রামে।
 
ওই গ্রামের জোতিষ চন্দ্র রায়ের ছেলে চন্দ্র কিশোর রায়ের সাথে একই গ্রামের চার নম্বর ওয়ার্ডের বাবুলাল রায়ের মেয়ে লাবনী রানীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই সূত্র ধরে গত শনিবার রাতে চন্দ্র কিশোর লাবনীকে তার নিজ বাড়িতে নিয়ে আসে। ভোররাতে বাড়ির লোকজন লাবনীকে বাড়ি থেকে বের করে দেয়। এর পর থেকে লাবনীর আশ্রয় মিলে বাড়ির বাইরের একটি খোলা ঘরে। চারদিন ধরে লাবনী ওই ঘরে অবস্থান করছে।
 
বুধবার সরজমিনে গেলে লাবনী রানী রায় বলে, চন্দ্র কিশোরের সাথে আমার পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হলে চন্দ্র কিশোরের পরিবার তাকে তড়িঘড়ি করে বিয়ে দেয়ার চেষ্টা করে। এ কথা জানতে পেরে চন্দ্র কিশোর আমাকে বিয়ে করার কথা বলে গত শনিবার রাতে তার বাড়িতে নিয়ে আসে। বাড়ির লোকজন ভোর রাতে চন্দ্রকিশোরকে ভয় দেখিয়ে ভাগিয়ে দিয়ে আমাকে টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করে দেয়। এর পর থেকে আমি এই খোলা ঘরে অবস্থান নিয়েছি।
 
লাবনী আরো জানায়, চন্দ্র কিশোরকে আমার সামনে না আনা পর্যন্ত আমি কোথাও যাবো না। আমি তাকে ছাড়া বাঁচবো না। চন্দ্র কিশোরের ভাই ব্রজ গোপাল রায় জানায়, আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। এসময় লাবনী বিয়ের দাবী নিয়ে আমাদের বাড়িতে অবস্থান নিয়েছে। বিষয়টি এলাকার মেম্বর-চেয়ারম্যানকে জানানো হয়েছে।
 
ইত্তেফাক/জামান