গাজীপুরে নাহিদ হত্যার মূল আসামি আলাউদ্দিনসহ গ্রেফতার ৩

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ০০:১৪

গাজীপুর মহানগরীর টঙ্গীতে চাঞ্চল্যকর নাহিদ হত্যা মামলার মূল আসামি মো. আলাউদ্দিন ওরফে রাফিসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রাজধানীর খিলক্ষেত ও গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার র্যাব-১ এর গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ি ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ১ মার্চ সন্ধ্যায় টঙ্গী ভরান মুন্সিপাড়া এলাকায় মো. আলাউদ্দিন রাফি ও তার সহযোগীরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এবং পূর্ব শত্রুতার জেরে প্রিন্স মাহমুদ নাহিদকে (২৫) মারধর এবং বুকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় ২ মার্চ টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে র্যাব-১ হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। বৃহস্পতিবার রাতে রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ওই হত্যাকাণ্ডের মূল হোতা টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার আব্দুল মোতালেব খলিফার ছেলে মো. আলাউদ্দিন ওরফে রাফি (২৭) ও তার দুই সহযোগী টঙ্গী বাজার কাচারী রোডের বাসিন্দা সাদির মিয়ার ছেলে মো. সাদ্দাম হোসেনকে (১৯) গ্রেফতার করে এবং তাদের অপর সহযোগী টঙ্গী পূর্ব আরিচপুর এলাকার মো. বেদন মিয়ার ছেলে মো. আহাদুল ইসলাম রনিকে (২০) টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।