ভাঙন ঝুঁকিতে মনপুরার হাজির হাটের সংযোগ সড়ক

আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ০১:৪৯


মনপুরা সদরের হাজির হাট ইউনিয়নের হাজির হাট বাজারের উত্তর পাশে পুরান থানা সংলগ্ন পাকা সংযোগ সড়কটি মেঘনার জোয়ারে তীব্র ঢেউয়ের আঘাতে ভাঙনের হুমকিতে রয়েছে। সংযোগ সড়কটি বিচ্ছিন্ন হলে ইউনিয়নের চরযতিন ও সোনার চর গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর জোয়ারের পানি ঢুকে দুটি গ্রামের ১০ সহস্রাধিক মানুষ পানিবন্দি হয়ে যাবে।

হাজির হাট ইউনিয়নের পশ্চিম পাশের পুরান থানা সংলগ্ন পাকা সংযোগ সড়কটি ভাঙনের মুখে রয়েছে। ভাঙনের কবলে পড়ে রাক্ষুসে মেঘনা ক্রমেই সংযোগ সড়কটির কাছাকাছি চলে এসেছে। জোয়ারের পানিতে পাকা সংযোগ সড়কটির নিচ থেকে মাটি সড়ে যাচ্ছে। এভাবে সড়কের নিচ থেকে মাটি সড়ে গেলে যে কোনো সময় ভেঙে যাবে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম বলেন, সরজমিনে গিয়ে পরিদর্শন করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।

উপজেলা চেয়ারম্যান সেলিনা আকতার চৌধুরী বলেন, পাকা সড়কটি রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

ইত্তেফাক/নূহু