কুমিল্লা মুরাদনগর উপজেলার মোকলেসপুর গ্রামে গাছ কাটা নিয়ে বিরোধের জের ধরে কালন মিয়া(৪৮) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত কালন মিয়া উপজেলার নবগঠিত বাঙ্গরা বাজার উপজেলার মোখলেসপুর গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে।বুধবার সন্ধ্যায় উপজেলার মোখলেসপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের স্ত্রী রেনু বেগম বাদী হয়ে রাতে আট জনের নামে একটি হত্যা মামলা করেন। মামলার এজাহার নামীয় চার আসামীকে আটক করে বাঙ্গরা বাজার থানা পুলিশ। আটককৃতরা হলো, উপজেলার মোখলেসপুর গ্রামের আব্দুর রউফ মিয়ার স্ত্রী পারভীন আক্তার(৪০), ছেলে নূরে আলম(১৫), মেয়ে শান্তা(২০) ও আরেক মেয়ে সুহেনা(১৮)।
পারিবারিক ও স্থানীয়রা জানান, উপজেলার মোখলেসপুর গ্রামে বুধবার শেষ বিকেলে কালন মিয়ার ঘরের চালার উপর পড়ে থাকা প্রতিবেশীর একটি গাছের ডাল কাটতে গেলে অপর প্রতিবেশী নূরে আলমসহ তার পরিবারের লোকজন বাধা দেন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে কালন মিয়াকে কিল ঘুসি ও লাঠিপেটা করে। এ সময় কালন মিয়ার মেয়ে নাজমা আক্তার (১৮) ও ছেলে মহসীন (১৬) এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে মারাত্মক ভাবে আহত করা হয়। এতে নাজমার ডান পা ভেঙ্গে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কালন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত নাজমা ও তার ভাই মহসীনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে বুধবার রাতে কালন মিয়ার স্ত্রী রেনু বেগম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো চার জনের নামে একটি মামলা দায়ের করে। পুলিশ রাত্রেই এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এজাহার নামীয় চার জনকে আটক করে।
এ ব্যাপারে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বুধবার রাতেই একটি হত্যা মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এমআর
