নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর দুই বোনের লাশ উদ্ধার

আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ১৭:০৪
 
নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ২৪ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুরে দুই বোনের লাশ উদ্ধার করেছে ডুবুরি। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তে নাগর নদীতে এঘটনা ঘটে। নিহতরা হলো, ওই গ্রামের তাহের হোসেনের দুই মেয়ে মাহাবুবা (১২) ও মাহাফুজা (১০)।
 
এলাকাবাসী জানায়, বালিয়াডাঙ্গী উপজেলার চোঁচপাড়া গ্রামের তাহের হোসেনের দুই মেয়ে ও সাইদ আলীর মেয়ে সায়মা বুধবার দুপুর ২টার দিকে নাগর নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। ওই সময় প্রত্যক্ষদর্শীরা এদের মধ্যে সায়মাকে জীবিত অবস্থায় উদ্ধার করে।
 
পরবর্তীতে স্থানীয়রা বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস কর্মীদেরকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়। পরে রংপুর থেকে একটি ডুবুরী দল এসে অভিযান উদ্ধার কাজ সন্ধ্যা পর্যন্ত চালিয়ে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে বৃহস্পতিবার ওই ডুবুরি দল আবার অভিযান চালিয়ে দুপুরের দিকে দুই বোনের লাশ উদ্ধার করে।
 
আমজানখোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকালু মোহাম্মদ দুই বোনের লাশ উদ্ধার সত্যতা নিশ্চিত করে বলেন, 'নিখোঁজের ২৪ ঘণ্টা পর রংপুরের ডুবুরী টিম দু্ইবার অভিযান চালিয়ে লাশদুটি উদ্ধার করে।'
 
ইত্তেফাক/জামান