মহেশপুরে বিদেশে চাকরি দেওয়ার প্রলোভনে গৃহবধূ ধর্ষণ

আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ১৯:২৪
 
ঝিনাইদহের মহেশপুরে বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে  দীর্ঘদিন ধরে এক গৃহবধূকে ধর্ষণ করে আসছে এক প্রতারক। ধর্ষণের ভিডিও চিত্র ও অশ্লীল ছবি ফাঁস করায় মহেশপুর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে।
 
থানা ও এলাকাবাসী সূত্রে প্রকাশ, উপজেলার নাটিমা গ্রামের সরদারপাড়ার আব্দুস কুদ্দুস ওরফে কুদু মোল্লার ছেলে খোকন মোল্লা (৩৩) এক গৃহবধূকে বিদেশে ভাল বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন যাবত ধর্ষণ করে আসছিল। ধর্ষণের সময় প্রতারক খোকন মেয়েটির নগ্ন ছবি ও ভিডিও নিজ মোবাইলে ধারণ করে ভিডিওটিকে পুঁজি করে বিভিন্ন সময় ভয় দেখিয়ে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। এমনকি তার কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।
 
এ বিষয়ে ভিকটিম জানায়, বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দালাল খোকন তাকে প্রশিক্ষণ ও মেডিকেল করার নাম করে ঢাকায় একটি হোটেলে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং সেটি তার অজান্তে ভিডিও করে দালাল খোকন তার ছবি ও ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয়। এ বিষয়ে ভিকটিম বাদী হয়ে ঝিনাইদহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ ট্রাইব্যুনাল ও নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে পৃথক দুটি মামলা দায়ের করে।
 
আদালত পর্নোগ্রাফি মামলাটি মহেশপুর থানার ওসিকে এজাহার হিসেবে গণ্য করার জন্য নির্দেশ দেয়। বুধবার সন্ধ্যায় মামলাটি রেকর্ড হয়। অপর নারী নির্যাতন মামলাটি আদালত মহেশপুর কৃষি কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে।মহেশপুর থানার ওসি আহম্মেদ কবির জানান, আসামি খোকন মোল্লাকে গ্রেফতারের জন্য গত রাত্রে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে। তাকে পাওয়া যায়নি। তবে দ্রুত তাকে গ্রেফতার করার চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/জামান