বানিয়াচংয়ে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ২২:৩১
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আলোচিত ডাকাত সর্দার সাইফুল ইসলাম ঝিলকী পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। 
 
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার গভীর রাতে বানিয়াচং উপজেলার বানিয়াচং-শিবপাশা রোডের আঞ্জন এলাকায় বন্দুকযুদ্ধ হয়। ঝিলকী (৩২) বানিয়াচং উপজেলার সদর ইউনিয়নের মাদারীটুলা গ্রামের মতিউর রহমানের ছেলে। 
 
পুলিশ জানায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানা পুলিশ কাগাপাশা ইউনিয়নের ইউসুফপুর গ্রামের ইছমত মিয়ার নির্জন বাড়িতে ডাকাতি করার প্রস্তুতিমূলক গোপন বৈঠকে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত সাইফুল ইসলাম ঝিলকীকে (৩২) আটক করেন। পরবর্তীতে ঝিলকীর দেয়া তথ্যমতে তাকে নিয়ে বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হকের নেতৃত্বে একদল পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার ও সহযোগী ডাকাতদের গ্রেপ্তারে অভিযানে বের হন। বানিয়াচং-শিবপাশা রোডের আঞ্জন এলাকায় অভিযান পরিচালনাকালে রাত সাড়ে ৩টার দিকে রাস্তার দুইপাশ হতে ঝিলকীর সহযোগীরা তাকে ছিনিয়ে নেওয়ার জন্য এলোপাতাড়ি গুলি করতে থাকে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়।
 
এক পর্যায়ে ঝিলকী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে  হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  
 
ইত্তেফাক/ইউবি