গাজীপুরে ছুরিকাঘাতে কিশোর খুন, আটক ১

আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ২১:২৪
 
পূর্ব শত্রুতার জেরে গাজীপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. রতন মিয়া (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
 
এ ঘটনায় জড়িত সন্দেহে সাগর (১৬) নামে আরেক কিশোরকে আটক করেছে পুলিশ। আটককৃত সাগর পার্শ্ববর্তী কলাবাগান এলাকার কামাল হোসেনের ছেলে। নিহত রতন মিয়া লক্ষ্মীপুর এলাকার মো. সালাউদ্দিন শেলার ছেলে। রতন লক্ষ্মীপুর এলাকায় একটি ফার্নিসার দোকানের কর্মচারী ছিলো।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে রতন তার বন্ধু সাজু লক্ষ্মীপুর এলাকায় একটি দোকানে বসেছিল। এসময় একই এলাকার সুলতান উদ্দিনের দুই ছেলে লিমন ও সিজন এবং সাগরসহ কয়েক যুবক ওই দোকানে প্রবেশ করে। পূর্বশত্রুতার জের ধরে এ সময় দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে রতনকে সাগর জাপটে ধরে এবং লিমন ছুরি দিয়ে বুকের বামপাশে আঘাত করে। এসময় রতনকে রক্ষা করতে গিয়ে রাজু হাতে আঘাতপ্রাপ্ত হয়। পরে রাজুর চিৎকারে লোকজন এগিয়ে আসতে থাকলে রিমন সহযোগীদের নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রতনকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
 
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সাগরকে আটক করে। বাকিদের আটকে অভিযান চলছে।
 
ইত্তেফাক/জামান