মাগুরায় ৭ মাসে ৪৪৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মামলা ৩৯২

আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ২৩:৩৪

মাগুরায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। বছরের প্রথম প্রান্তিকের গত ৭ মাসে ৪শ ৪৯ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ।  মাদক আইনে মামলা হয়েছে ৩৯২টি। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে মাদক বিরোধী মোবাইল কোর্টসহ নানারকম পদক্ষেপ নেয়া হয়েছে।

মাগুরা পুলিশ সুপার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ৭ মাসে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ১৯৮ পিস ইয়াবা, ১ কেজি ৬৮৬.৫ গ্রাম হেরোইন, ৫২ কেজি ৪৫৩ গ্রাম গাঁজা, ৪০৩ বোতল ফেন্সিডিল, ৮৭.২৫ লিটার চোলাইমদ, ৯৫ লিটার তাড়ি উদ্ধার করা হয়েছে।

এ সময় মাদক ব্যাবসায়ী, বিক্রেতা, সেবনকারী এবং বিপণনকারীসহ মাদকের সঙ্গে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে পৃথক ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে বিভিন্ন এলাকাসহ স্কুল, কলেজ ও প্রতিষ্ঠানে মাদক বিরোধী কর্মসূচি পালন করা হচ্ছে।

গত ২৭ মার্চে মাগুরা শহরের নোমানী ময়দানে মাদক বিরোধী একটি অনুষ্ঠানে প্রায় ২০০ মাদকসেবী স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রতিশ্রুতি দেন। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে তাদের মধ্যে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।

মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান জানান, জেলা প্রশাসনের পক্ষ  থেকে প্রাথমিকভাবে ২৪ জন মাদক ব্যবসায়ীদের একটি তালিকা বিভিন্ন সরকারি অফিসের নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দেয়ার পাশপাশি তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

তাছাড়া মাদকের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির পাশপাশি বিবাহ রেজিস্ট্রির পূর্বে পাত্র-পাত্রী মাদকমুক্ত কিনা, বা তার পিতা-মাতা আত্মীয়-স্বজন মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত কি না, তা যাচাই করে বিবাহ সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলেক অনুরোধ জানানো  হয়েছে।

এক্ষেত্রে  বিবাহের পূর্বে ছেলে বা মেয়ে মাদকাসক্ত কিনা, তা যাচাইপূর্বক স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছ থেকে সনদ নিতে পারেন অভিভাবকরা।

এর ফলে যৌতুক ও নারী নির্যানতন অনেকাংশে কমে আসবে বলে জানান জেলা প্রশাসন। কেননা মাদকাসক্ত তরুণ-তরুণীরা পরিবার ও সমাজে নানা ধরনের বিশৃংঙ্খলা সৃষ্টি করে। মাদকাসক্ত ছেলেরা টাকার জন্য প্রায়ই তাদের স্ত্রীদের চাপ দেয়। এর ফলে পারিবারিক ও সামাজিক অশান্তির সৃষ্টি হয়।

জেলা প্রশাসক আতিকুর রহমান আরো জানান, মাদক ব্যবসায়ী বা মদকসেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে গণজাগরণ সৃষ্টির লক্ষে মাদক বিক্রেতাদের প্রতিহত ও ব্যবসা ত্যাগসহ তরুণ-তরুণীরা যাতে মাদকাসক্ত না হয় এর জন্য ব্যাপক পদক্ষেপ নিয়ে কাজ করছে জেলা প্রশাসন।   

পুলিশ সুপার মুনিবুর রহমান জানান, মাগুরাকে মাদক মুক্ত করতে ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ ঘোষণা করে  অভিযান পরিচালিত হচ্ছে। জেলার যেসব রুট দিয়ে মাদক পাচার হয়, সেসব এলাকায় ব্যাপক নজরদারিরসহ অভিযান পরিচালিত হওয়ায় জেলায় মাদকের ব্যাপকতা অনেকটাই কমে এসেছে।

ইত্তেফাক/নূহু