কুমিল্লা থেকে অপহৃত শিশু নারায়নগঞ্জে উদ্ধার

আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ০১:১৮

কুমিল্লা থেকে অপহৃত নয়ন (৫) নামের এক শিশুকে অপহরণের ৩ দিন পর নারায়নগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত সোয়া ১২টায় র‌্যাব-১১ এর কুমিল্লাস্থ সিপিসি-২ অধিনায়ক মেজর মোস্তফা কায়জার মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় অপহরণকারী চক্রের প্রধান এক প্রতারক মহিলাসহ ৩ জনকে আটক করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।  

জানা যায়, মুরাদনগর উপজেলার উত্তরকান্দি গ্রামের হেলাল উদ্দিনের বাড়িতে গত সোমবার রাতে একটি কন্যা সন্তান সাথে নিয়ে অসহায় বেশে এক মহিলা থাকার জন্য আশ্রয় চায়। বাড়ির লোকজন অসহায় ভেবে ওই মহিলাকে আশ্রয় দেয়। পরদিন মঙ্গলবার দুপুর পর্যন্ত ওই বাড়িতে অবস্থান করে সুযোগ বুঝে ওই প্রতারক মহিলা বাড়ির মালিক হেলাল উদ্দিনের শিশু ছেলে নয়নকে নিয়ে পালিয়ে যায়।

শিশুর বাবা হেলাল উদ্দিন জানান, মঙ্গলবার রাতে ওই মহিলা ফোন করে তার ছেলে নয়নকে ফিরে পেতে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করার পর তিনি থানায় মামলা দায়ের করেন। খবর পেয়ে র‌্যাব ওই শিশুকে উদ্ধারে অভিযান শুরু করে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় মুঠো ফোনে র‌্যাব-১১ কুমিল্লাস্থ সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার জানান, ‘রাতে নারায়নগঞ্জের ভুলতা থেকে ওই শিশুকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের ৩ জনকে আটক করা হয়েছে।’

শুক্রবার বেলা ১১টার দিকে এ বিষয়ে কুমিল্লা র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।  

ইত্তেফাক/নূহু