তাড়াশে রোপা আমন চাষাবাদে ব্যস্ত কৃষক

আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ১০:২০
 
রোদ-বৃষ্টি উপেক্ষা করে কৃষি নির্ভর ও শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত জেলার চলনবিল অধ্যুষিত তাড়াশে রোপা আমন ধান চাষাবাদে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। ইরি-বোরো ধানের বাম্পার ফলন এবং আশানুরূপ দাম পাওয়ায় রোপা আমন চাষাবাদে কোমর বেঁধে মাঠে নেমেছেন তারা।
 
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, আউশ ধানের জমি ব্যতীত অন্যান্য জমিতে আগামী ১৫-২০ দিনের মধ্যে চারা রোপণ হয়ে যাবে। ইতিমধ্যে প্রায় চার হাজার হেক্টর জমিতে রোপণ কাজ শেষ হয়েছে।
 
কৃষক শাহালম, এসাহাক আলী, আব্দুল লতিব, মোখলেছুর রহমানসহ আরো অনেকেই জানান,  চৈত্র-বৈশাখ মাসে বীজ বপনের পর থেকে জ্যৈষ্ঠের প্রতীক্ষার প্রহর গুনেছেন তারা। চলতি বছর আগাম বৃষ্টি হওয়াতে আগে ভাগে রোপা আমন করা সম্ভব হয়েছে। অণুকুল আবহাওয়া থাকলে ইরি-বোরো ও আউশ ধানের মতো রোপা আমনেরও বাম্পার ফলনের আশা করছেন তারা।
 
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম জানান, এ বছর সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ